আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক অভিযানে গ্রেফতার প্রযোজক নজরুল ইসলাম রাজ, হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহবুব পিয়াসাসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের হওয়া আরও ৬ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি।

এ নিয়ে সিআইডি এ-বিষয়ক ১৪টি মামলা তদন্ত করার দায়িত্ব পেল।

বুধবার (১১ আগস্ট) রাতে সিআইডির মুখপাত্র মো: আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ডিএমপির থানা থেকে আজ রাতে ৬টি মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এর আগে পাওয়া ৮টি মামলা সিআইডি এখন তদন্ত করছে।

সম্প্রতি রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অভিনেত্রী পরীমণিসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদক, পর্নোগ্রাফি, বিশেষ ক্ষমতা আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মোট ১৫টি মামলা করা হয়।

পরীমণিসহ অন্যদের মামলাগুলো প্রথমে গোয়েন্দা পুলিশ ও থানা-পুলিশ তদন্ত করছিল। পরে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে।

পরীমণিসহ অধিকাংশ আসামিকেও তাদের কাছে হস্তান্তর করা হয়। পরীমণি, নজরুল ইসলাম রাজসহ কয়েকজন এখনো সিআইডি হেফাজতে। এসব মামলা তদন্তের দায়িত্ব চেয়ে পুলিশ সদর দপ্তরে আবেদন করেছে র‍্যাব।

এমবি