সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার দুপুরে মেয়র আরিফ দ্রুত বিচার আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন।

শুনানি শেষে আদালতের বিচারক মকবুল আহসান মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলা ও বিস্ফোরক মামলা থেকে ১৫ দিনের জামিন পেয়ে গত ২৮ মার্চ কারামুক্ত হন মেয়র আরিফ।

সিলেটের দ্রুত বিচার আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, কিবরিয়া হত্যা মামলায় আরিফ ১৫ দিনের জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষের পথে। এ জন্য আরিফ নিজের অসুস্থতা এবং তার মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়ে আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন।

তিনি জানান, জামিনের মেয়াদ বর্ধিত না হওয়ায় ফের কারাগারে প্রেরণ করা হয়েছে মেয়র আরিফকে।
ওএফ