রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকা থেকে চাকরি প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় প্রতারণার শিকার ১৩ জনকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার প্রতারকদের আটক এবং ভিকটিমদের উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মো. জাকির হোসেন (৪০), মো. রায়হান (২০), মো. সৈকত মজুমদার (২১), মো. মিফতীহ উদ্দিন (২০), মো. আহম্মেদ রুজদী (৩১) ও মো. সজল হোসেন আরিফ (২৬)।

র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ জানান, র‌্যাব-৩ পল্টনের ৫০/ডি আল মনসুর ভবনের ৬ষ্ঠ তলায় ও মতিঝিলের ৫৬/৫৭ শরীফ ম্যানসনের ৭ম তলায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ৫ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত ভিকটিমদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে।

তিনি জানান, তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ভুয়া নিয়োগ সংক্রান্ত ডকুমেন্ট, রশিদ, কম্পিউটারের সিপিইউ, মনিটর, প্রিন্টার ও স্পিকার উদ্ধার করা হয়।

পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রতারণার শিকার ১৩ জনকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এমকে