নিষিদ্ধ সংগঠন জেএমবি‘র সাথে সম্পৃক্ততার দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনার্স (স্নাতক) ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরোজ নীনা (২৪)গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ধুবনী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় আটক সাদিয়ার কাছ থেকে পাওয়া তিনটি মোবাইল সেটে মানষিক উত্তেজনা কর ও বিভিন্ন দেশের মুসলিমদের জখমের ছবি, আগ্নেয়অস্ত্র ব্যবহারের ফুটেজ ও বিভিন্ন জঙ্গী নেতাদের ছবি ও তাদের বক্তব্যের ফুটেজ পাওয়া গেছে। সেই সাথে তার মুঠোফোনে টেলিগ্রাম, অরবিট, অরফক্স নামে তিনটি অ্যাপস (ফিচার) এবং সালাফদের ইলমী শ্রেষ্ঠত্ব ইবনে রজব হাম্মুলী (রাঃ) অনুবাদকরা একটি বই উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি এসব অ্যাপস ব্যবহার করে সাদিয়া জঙ্গিদের সাথে যোগাযোগ করে এবং ছবি ও ভিডিও ফুটেজের মাধ্যমে জঙ্গি সদস্যদের উদ্বুদ্ধ করে দেশের অভ্যন্তরে নাশকতা চালানোর পরিকল্পনা করে আসছে।
পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার রাত পৌনে ১১ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এসময় লালমনিরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-বি) হোসেন শহীদ সরওয়ার্দীসহ হাতীবান্ধা থানা পুলিশও ওই অভিযানে অংশ নেন। গ্রেফতারের পর সাদিয়াকে প্রাথমিক জিজ্ঞাবাসাবাদ করে তার বিরুদ্ধে ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে (১৫(৩)/১৬(২) ধারায়) মামলা দায়ের করেন। এসময় অজ্ঞাতনামা ১০/১২ জন আসামি পালিয়ে যায় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
পুলিশের দায়ের করা ওই মামলায় বলা হয়, ‘২০১৫ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) নিজ নামে মোট তিনটি আইডি খোলে সাদিয়া আফরোজ নীনা। এসব ফেসবুক আইডির মাধ্যমে মোহাম্মদ আনাস, মেহেদী হাসান, এমআরএফ ওরফে সোহেলা রানা নামে ১০/১২ জন জঙ্গি সদস্যের সাথে যোগাযোগ স্থাপন করে দেশের অভ্যন্তরে নাশকতা চালানোর পরিকল্পনা করে সাদিয়া আফরোজ নীনা। ওই সদস্যদের নিয়ে গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সাদিয়াকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘গ্রেফতারকৃত সাদিয়া আফরোজ নীনা নিষিদ্ধ জেএমবি সংগঠনের সদস্য। তার তিনিটি মুঠোফোনে মানষিক উত্তেজনা কর ছবি ও ফুটেজ-সহ জঙ্গিদের সাথে যোগাযোগ স্থাপন সংক্রান্ত বিভিন্ন অ্যাপস পাওয়া গেছে।”
মামলার তদন্ত কর্মকর্তা লালমনিরহাট ডিবি পুলিশের এস আই সিদ্দিকুল হক বলেন, ‘সাদিয়া আফরোজ নিনার সঙ্গে জঙ্গি তামিম গ্রুপের সম্পৃক্ততার প্রমাণ থাকায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে’।
ইভান চৌধুরী/এসএম





