রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেনি। আদালত আগামী ১ নভেম্বর সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করেছেন।
আলোচিত এই মামলায় আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ জন্য সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মামলার আসামি সাংসদপুত্র বখতিয়ার আলমকে (রনি) একটি মাইক্রোবাসে করে আদালতে এনে হাজতখানায় রাখা হয়। কিন্তু এই মামলার সাক্ষী আজ না আসায় বখতিয়ারকে আদালতের এজলাসে তোলো হয়নি। পরে আদালতের হাজতখানা থেকে তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়।
আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ মাকসুদ বলেন, আজ এই মামলার কোনো সাক্ষী আদালতে আসেননি। আদালতের নিয়মিত বিচারক ছুটিতে আছেন। তাঁর অনুপস্থিতিতে আজ মামলাটি ভারপ্রাপ্ত বিচারকের আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করেন।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই মামলার বিচারকাজ চলছে। এই মামলায় এখন পর্যন্ত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।বখতিয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত ৬ মার্চ এই মামলার বিচারকাজ শুরু হয়।
গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় বখতিয়ার নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় এ মামলা করেন। গত ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।
বখতিয়ার মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংসদ পিনু খানের ছেলে।
এমবিএইচ





