‘দৈনিক ইনকিলাব’ পত্রিকার কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।
জবানবন্দিতে আতিক জানান, পত্রিকাটির সম্পাদক ও প্রধান প্রতিবেদকের নির্দেশে তিনি ‘সাতক্ষীরায় অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করেছিলেন।
বুধবার দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদের কাছে তিনি জবানবন্দি দেন।
জবানবন্দির পর ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেনের আদালতে আতিকের জামিন প্রার্থনা করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
‘সাতক্ষীরায় অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জের ধরে ১৬ জানুয়ারি রাতে গোয়েন্দা পুলিশ রাজধানীর টিকাটুলীর আর কে মিশন রোডে ইনকিলাব ভবনে অভিযান চালায়। ওই সময় কিছু সরঞ্জাম জব্দ ও পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, উপপ্রধান প্রতিবেদক রফিক মোহম্মদ, কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমানকে আটক করা হয়। ওই রাতেই তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে রাজধানীর ওয়ারী থানায় এসআই জাহাঙ্গীর আলম মামলা করেন। পরের দিন তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
পরে ২০ জানুয়ারি পুলিশ আতিকের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি(টাইম নিউজবিডি.কম)// জিই[/b]
অপরাধ
আতিকের স্বীকাররোক্তিমূলক জবানবন্দি
‘দৈনিক ইনকিলাব’ পত্রিকার কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।





