জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন বলেছেন, আশা করেছিলাম ফাঁসির রায় বহাল থাকবে। কিন্তু তা হলো না। বেদনা নিয়ে এ রায় আমাদের মেনে নিতে হচ্ছে। দেশবাসীকেও এ রায় মেনে নিতে হবে।
বুধবার সকাল সোয়া দশটায় রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা সাঈদীর আপিল মামলার চূড়ান্ত রায়ে সাজা কমিয়ে তাকে এ দণ্ডাদেশ দেওয়া হলো।
বুধবার সকালে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। অন্য ৪ বিচারপতি হচ্ছেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
আপিল বিভাগের রায়ে প্রমাণিত হয়েছে সাঈদীর বিরুদ্ধে ৫টি অভিযোগ। এর মধ্যে ৩টিতে (১০, ১৬ ও ১৯ নম্বর) আমৃত্যু, একটিতে (৮ নম্বর) ১২ বছর ও একটি অভিযোগে (৭ নম্বর) ১০ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে সাঈদীকে।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





