মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও জাতীয় পার্টির সাবেক নেতা ও প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিলের শুনানি আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধিন আপিল বেঞ্চে এই আপিল দুইটি আদেশের জন্য রাখা হয়।

জানা যায়, নিজের নামে ‘কায়সার বাহিনী’ গঠন করে মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধ সংঘটনকারী হবিগঞ্জের রাজাকার কমান্ডার ও শান্তি কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ কায়সারকে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর মৃত্যুদণ্ড সহ ২২ বছরের কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো অন্য অপরাধের পাশাপাশি ধর্ষণের দায়ে কায়সারের ফাঁসির আদেশ দেয়া হয়।

এদিকে এ টি এম আজহারুল ইসলামকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৩০ বছরের কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এরপর ২০১৫ সালের ১৯ জানুয়ারি নিজেকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির সাজা বাতিল ও বেকসুর খালাস চেয়ে আপিল করেন কায়সার। আর ২০১৫ সালের ২৮ জানুয়ারি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন এ টি এম আজহারুল।
জেড