ঢাকার কেরানীগঞ্জে প্রতিবেশী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম গনমাধ্যমকে জানান, ওই শিশুর পরিবারের করা মামলায় শনিবার কেরানীগঞ্জের নামাপাড়া এলাকা থেকে ১৫ বছর বয়সী ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। ওসি আরো জানান, ছয় বছর বয়সী মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছে।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, গ্রেপ্তার কিশোর ও শিশুটির পরিবার একই বাড়িতে ভাড়া থাকে। শুক্রবার ছেলেটি বাড়ির একটি বাথরুমে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছেলেটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে শনিবার সকালে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মেয়েটির বাবা শনিবার ওই কিশোরকে আসামি করে থানায় মামলা করেন।
ওসি জানান, হাসপাতালে শিশুটির পরীক্ষা চলছে। প্রাথমিক প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেলে ওই কিশোরকে আদালতে পাঠানো হবে।
এমই





