রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঘটনাটি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম।
আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা মোতালেব মিয়ার ছেলে।
পুলিশের বরাতে জেল সুপার বলেন, পিচ্চি রাজাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য সকালে প্রিজন ভ্যানে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ আনা হচ্ছিল। তাকে বহনকারী প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোর এলাকায় পৌঁছালে সে শৌচাগারে যাওয়ার কথা বলে। পরে আনা-নেওয়ার কাজে দায়িত্বরত পুলিশ তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবরে পুলিশ বিমানবন্দরে অবস্থান নিয়ে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেয়। রাজা ওরফে পিচ্চি রাজার বিরুদ্ধে ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, পিচ্চি রাজার বিরুদ্ধে ২৫টি মামলার তথ্য রয়েছে।
এমএম











