থানায় ধরে এনে শাহিন মোল্লা নামের এক যুবককে শারীরিক নির্যাতন করে হত্যা করার অভিযোগে মাদারীপুরের ডাসার থানার ওসিসহ ৪ পুলিশ ও পুলিশের এক সোর্সসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের মা রেবা বেগম।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার দুপুরে তিনি এ মামলা করেন।
আদালত মামলা আমলে নিয়ে র্যাব-৮ এর পরিচালককে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ৮ জুন সন্ধ্যার পরে ডাসার-মেদাকুল সংযোগ সেতুর উপরে বসে শাহিন মোল্লা (২৫), শাহ আলম (২৪) ও মুকিত (২৪) গল্প করছিল। এ সময় ডাসার থানার উপ-পরিদর্শক (এসআই) মীর নাজমুল হাসান থানার কনস্টেবল ফরহাদ হোসেন ও সালাউদ্দিনকে নিয়ে ওই যুবকদের আটক করে থানায় নিয়ে যায়। পরে আটক শাহ-আলম ও মুকিতের পরিবারের কাছ থেকে ৭০ হাজার টাকা গ্রহণ করে তাদের ছেড়ে দেয়।
কিন্তু নিহত শাহিন মোল্লার পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করা হয়। রাতে ৩০ হাজার টাকা দিয়ে পরের দিন সকালে বাকি টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয় পুলিশদের। কিন্তু রাতভর নির্যাতনের ফলে সকালে শাহিন মোল্লার অবস্থা খারাপ হলে ৫ পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে আদালতে চালান করে দেয়া হয়। পরে ১৪ জুন রাতে হাজতে শাহিন মোল্লা গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পরেই সে মারা যায়।
নিহত শাহিন বরিশাল জেলার গৌরনদী উপজেলার পূর্ব সমরসিংহ গ্রামের মোস্তফা মোল্লার ছেলে।
মামলার আইনজীবি ইয়াদ মোর্শেদ সজল বলেন, মঙ্গলবার দুপুরে শাহিন মোল্লাকে হত্যার অভিযোগ এনে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক, উপ-পরিদর্শক (এসআই) মীর নাজমুল হাসান, কনস্টেবল ফরহাদ হোসেন, কনস্টেবল সালাউদ্দিন ও পুলিশের সোর্স মো. নজরুল ফকিরের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, আদালত মামলা আমলে নিয়ে র্যাব-৮ এর পরিচালককে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





