ভাড়াটিয়াদের তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার কলাণপুরের জাহাজবাড়ির মালিক মমতাজ বেগমকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ৫দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানার উপ-পরিদর্শক বজলার রহমান।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে এই জাহাজবাড়ির পঞ্চম তলায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ ‘জঙ্গি’ নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে চালানো এক ঘণ্টাব্যাপী অভিযানে ভবনে থাকা ৯ ‘জঙ্গি’ মারা যায় গুলিতে।

কল্যাণপুরের ৫ নম্বর সড়কের জঙ্গি আস্তানা ‘জাহাজ বিল্ডিং’ এখনো নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ।

বুধবার দেখা গেছে, ৫৩নং বাড়ি তাজ মঞ্জিলের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাসার প্রবেশ পথেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির জানান, ভবনে প্রবেশ করতে হলে থানা থেকে অনুমতি লাগবে। বাড়ির ভেতরে কেউ নেই। গতকালই (মঙ্গলবার) সবাই চলে গেছেন। তবে ভেতরে ভাড়াটিয়াদের জিনিসপত্র রয়েছে। অনুমতি ছাড়া ওই ভবনের কোন জিনিসপত্রও কেউ সরাতে পারবেন না।

এমআইএস