মোহাম্মদ সাব্বির নামের চোরাকারবারির বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের ১৯টি চলতি একাউন্টের মাধ্যমে ৩২৭ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার চকবাজার মডেল থানায় দুদকের সমন্বিত ঢাকা-২ জেলা কার্যালয়ের দুদকের সহকারি পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২ (ক)(অ)(স)(শ)(১৩)ও (২৪) ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নং-১৩।

এ মামলার অভিযোগে বলা হয়েছে, চোরাকারবারির স্বার্থে ২০০৯ সালের ২৪ নভেম্বর থেকে ২০১৪ সালের ১৫ এপ্রিল পর্যন্ত সময়ে ওই টাকার লেনদেন দেখানো হয়। আর ভুয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, এসএস এন্টারপ্রাইজ, জিএস এন্টারপ্রাইজ, কেজিএন এন্টারপ্রাইজ ও এনএসট্রেডিং কোম্পানি।

নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ সাব্বির বিভিন্ন ব্যাংকের ১৯টি চলতি একাউন্টের মাধ্যমে ৩২৭ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার টাকা বিদেশে পাচার করেছে। তিনি প্রকৃত পক্ষে কোনো ব্যবসায়ি নন।

তার ব্যবহৃত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে, ব্র্যাক ব্যাংকের ৪টি একাউন্টের মাধ্যমে ৬৯ কোটি ৬৬ লাখ টাকা, ষ্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫টি একাউন্টের মাধ্যমে ১৭৪ কোটি ২ লাখ টাকা,ইসলামী ব্যাংকের ৫টি একাউন্টের মাধ্যমে ৭৭ কোটি ৫০ লাখ টাকা, ইউনাইটের্ড কর্মাশিয়াল ব্যাংকের ২টি একাউন্টের মাধ্যমে ৮৭ কোটি ৯০ লাখ টাকা,

সিটি ব্যাংকের ১টি একাউন্টের মাধ্যমে ৩ কোটি ৬৬ লাখ টাকা, প্রিমিয়ার ব্যাংকের ১টি একাউন্টের মাধ্যমে ১৭ কোটি ৭০ লাখ টাকা এবং ন্যাশনাল ব্যাংকের ১ট একাউন্টের মাধ্যমে ১০ কোটি ৩৪ লাখ টাকা জমা এবং উত্তোলন করে এসব টাকা পাচার করা হয়।

ঢাকা, একে, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর