একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ মো. আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২ আগস্ট সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

মামলার অন্য পাঁচ আসামি হলেন- মো. রুহুল আমিন ওরফে মঞ্জু, মো. আবদুল লতিফ, আবু মুসলিম মোহাম্মদ আলী, মো. নাজমুল হুদা ও মো. আবদুর রহিম মিঞা। ছয় আসামিই পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও অপহরণসহ মানবতাবিরোধী তিন ধরনের অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ২৩ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত ২৭ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এমআর