আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুন মামলার প্রধান আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন আরও ৮টি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে সাক্ষী দিতে আদালতে আসেনি কেউ।

আজ (১৯ মে) রোববার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে হাজির করা হয়।

সাক্ষ্যগ্রহণের নির্ধারিত তারিখ থাকলেও কোনো মামলায় সাক্ষীরা এদিন আদালতে আসেনি। আদালত আগামী ১৯ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

এর আগে আসামি নূর হোসেনকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নিয়ে আসা হয়।

এ মামলায় নূর হোসেনের পক্ষে আইনজীবী খোকন সাহা জানান, অস্ত্র, চাঁদাবাজিসহ ৮টি মামলার হাজিরা দিতে নূর হোসেনকে আদালতে আনা হয়েছে। পরে মামলার হাজিরা শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ বলেন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ৮টি মামলার হাজিরা দিতে নূর হোসেনকে আদালতে আনা হয়েছিল। কিন্তু কোনো সাক্ষী এদিন আদালতে আসেননি। আগামী ১৯ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে নারায়ণগঞ্জে ৭ খুনের পর ভারতে পালিয়ে যায় মামলার প্রধান আসামি নূর হোসেন। সেখান থেকে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। পরে তার সিদ্ধিরগঞ্জের বাড়ি থেকে বেশ কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে পুলিশ। এছাড়াও চাঁদাবাজি সন্ত্রাসসহ তার বিরোধী একের পর এক মামলা দায়ের করা হয়।

এমবি