করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, অর্থ আত্মসাৎসহ নানা প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো: সাহেদ'কে ১০ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।
আজ (২৬ জুলাই) রোববার সকাল সাড়ে ৯টার পর ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, “সকাল সাড়ে ৯টার পর উত্তরা পশ্চিম থানার মামলায় ১০ দিনের রিমান্ড শেষে সাহেদকে আদালতে নিয়ে আসা হয়েছে। এখন তিনি আদালতের হাজত খানায় রয়েছেন।”
এর আগে ১৬ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানার মামলায় ১০দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ০৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পর গা-ঢাকা দেন সাহেদ। এরপর গত বুধবার (১৫ জুলাই) সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে একটি অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র্যাব। এরপর বুধবার সকালেই সাহেদকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। ঢাকায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে অভিযানে যায় র্যাব। পরে তাকে তার মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। অন্যদিকে, সাহেদের আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে সাহেদকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।
এমবি





