নতুন আইনে লাইসেন্স পাওয়া চার মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির যাবতীয় কার্যক্রমের বিষয়ে তদন্ত করবে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ কাজের জন্য ৫ সদস্যের সংসদীয় উপকমিটিও গঠন করেছে মূল কমিটি।
জাতীয় সংসদ ভবনে রোববার দুপুরে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী।
কমিটির সদস্য মোতাহার হোসেনকে আহ্বায়ক এবং এনামুল হক ও ওয়ারেসাত হোসেন বেলালকে উপকমিটির সদস্যসচিব করা হয়েছে।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোর্তুজা রেজা চৌধুরী ও যুগ্ম-সচিব আবদুল মান্নানকে এই উপ-কমিটির সদস্য করা হয়েছে।
এ ব্যাপারে কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, ‘এমএলএম কোম্পানিকে নতুন আইনের অধীনে আনার পর ৫টি কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে।
এর মধ্যে মালেশিয়ান একটি কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে চলে গেছে। এখন আমরা বাকি চারটি কোম্পানির বিষয়ে মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছি। মন্ত্রণালয়কে বলেছি কিসের ভিত্তিতে তাদের লাইসেন্স দেওয়া হলো তার উপর কমিটিকে একটি প্রতিবেদন দেওয়ার জন্য। মন্ত্রণালয় রোববার একটি প্রতিবেদন দিয়েছে।
ওই প্রতিবেদনটি আমরা পর্যালোচনা করে একটি সাব-কমিটি গঠন করেছি। সাব-কমিটির কাজ হবে কোম্পানিগুলোর দেওয়া তথ্য যাচাই করা। একই সঙ্গে কমিটির সদস্যরা কোম্পানি চারটির অফিস পরিদর্শন করবেন। তাদের গ্রাহক সেবা সম্পর্কে অবগত হবেন। কমিটিকে এক মাস সময় দেওয়া হয়েছে। এক মাস পর তারা এই চারটি কোম্পানি সম্পর্কে কমিটিকে রিপোর্ট দিবে।
তাজুল ইসলাম বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের কাছে লাইসেন্স ছাড়া কতগুলো এমএলএম কোম্পানি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সে তালিকা চেয়েছি। তাদের বিরুদ্ধে আইনানুগ কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কেও প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
কমিটি সূত্রে জানা যায়, চলতি বছর ৬ জানুয়ারি এমএক্সএন মডার্ন ফুড লি. এমএলএম কার্যক্রমের জন্য লাইসেন্সের আবেদন করলে আরজেএসসি’র কর্মকর্তা কোম্পানিটির ব্যাপারে ৪ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করে। কর্তৃপক্ষ একই বছর ৫ মার্চ লাইসেন্স প্রদান করে। বর্তমানে কোম্পানিটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ ছাড়া ৭ জানুয়ারি আবেদন করে রিচ বিজনেস লি. ও স্বাধীন অনলাইন (পাবলিক) লি., ৯ জানুয়ারি আবেদন করে ওয়ার্ল্ড মিশন২১ লি. এবং দুই মার্চ আবেদন করে জার ইলেকট্রনিক্স পালস মেসেজার লি.। আবেদন করা কোম্পানিগুলোর মধ্যে রিচ বিজনেস লি., স্বাধীন অনলাইন (পাবলিক) লি. ও ওয়ার্ল্ড মিশন২১ লি.-কে লাইসেন্স প্রদান করা হয় চলতি বছর ৫ মার্চ।
আর জার ইলেকট্রিক্স পালস মেসেজার লিমিটেডকে লাইসেন্স প্রদান করা হয় চলতি বছর ৩০ এপ্রিল। এর মধ্যে জার ইলেকট্রনিক্স পালস মেসেজার লিমিটেডের মালিক ব্যবসা বন্ধ করে চলে গেছে। মন্ত্রণালয় হতে লাইসেন্স বাতিলের জন্য আইন অনুসারে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে।
জেএ





