গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহদাত হোসেনের স্ত্রী নিত্য শাহাদাতকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

রোববার সকালে মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা হয়।

পরে ওই গৃহকর্মীকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেই অভিযোগে অনেকদিন ধরেই পুলিশ দুজনকে খুঁজছে। পুলিশ তাদের খুঁজে না পাওয়ায় এতোদিন গ্রেফতার করা সম্ভব হয়নি।

রোববার সকালে শাহাদাতের স্ত্রীকে মিরপুরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর দুপুরে গৃহকর্মী কাউকে ‘না বলে’ বাসা থেকে চলে গেছে- মর্মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ক্রিকেটার শাহাদাত হোসেন। জিডি নম্বর ৩৬৮।

জিডিতে গৃহকর্মীকে নিখোঁজ দেখান শাহাদাত। ওইদিন সন্ধ্যায় পল্লবী থানাধীন কালশী এলাকা থেকে ওই গৃহকর্মী হ্যাপিকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর হ্যাপি পুলিশকে জানায়, শাহাদাত ও তার স্ত্রী মিলে তাকে মারধর করেছে। আরো মারবে- এমন আশঙ্কায় সে কাউকে না বলে পালিয়েছে। পরে হ্যাপিকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়।

এমআর