সিরাজগঞ্জে বাবা-ছেলেসহ গ্রেফতার জেএমবির তিন সদস্যকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। তারা হলেন, সিরাজগঞ্জ জেলা জেএমবির শায়েখ জয়নাল আবেদীন, তার ছেলে বোরহান উদ্দিন ও জেলার শাখার কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক।
বুধবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আলী ওই তিন জনকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রওশন আলী জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক ইয়াছিন আলী ওই তিন জেএমবি সদস্যকে সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও জানান, গ্রেফতার অপর জেএমবি সদস্য ইমরান আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত: গত মঙ্গলবার ভোরে সলঙ্গা থানার এরান্দহ বাজার এলাকায় জেলা জেএমবির শায়খ জয়নাল আবেদীনের বাড়ি ও পাশে জামায়েতুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় অভিযান চালিয়ে ওই চার জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাজ থেকে ৫০টি জিহাদি বই, ১০টি ককটেল, পাঁচ শতাধিক বোমার স্প্লিন্টার, এক প্যাকেট গান পাউডার,চার কেজি ভাঙা কাচ উদ্ধার করা হয়।
এসএ





