মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী কতটা ন্যায় বিচার পেল তা পরবর্তী প্রজন্ম অত্যন্ত গুরুত্বের সাথে জানবে বলে মন্তব্য করেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন।
তিনি বলেন,স্বাধীনতার ৪০ বছর পর এ বিচার হচ্ছে। তাই সাঈদীর মামলার রায় ইতিহাসে তো থাকবেই এবং আসামী কতটা ন্যায় বিচার পেল তাও পরবর্তী প্রজন্ম অত্যন্ত গুরুত্বের সাথে দেখবে।
সাঈদীর মামলার রায় যেকোনো সময় ঘোষণা হবে মর্মে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ আদেশ দেয়ার পর সুপ্রিমকোর্ট বার ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলে সাঈদী খালাস পাবে বলে আশা প্রকাশ করেন। জেলে যাওয়ার কারণে ডিফেন্সের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রজ্জাকের অনুপস্থিতে তিনি ঠিক মতো মামলায় শুনানি করতে পারেননি বলে আবেগাপ্লুত হন।
খন্দকার মাহবুব বলেন,সম্পূর্ণ মিথ্যাভাবে সাঈদীকে এ মামলায় জড়ানো হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা,ভিত্তিহীন। তিনি বলেন,আমরা যেসব কাগজপত্র দিয়েছি,৫জন বিচারপতি পুঙ্খানু পুঙ্খভাবে দেখে ন্যায় বিচার করবেন।
তিনি বলেন,সাঈদীকে দুটি অভিযোগে ট্রাইব্যুনাল থেকে ফাঁসি দেয়া হয়েছে। এগুলো হলো-ইব্রাহিম কুট্টি ও বিশাবালীকে হত্যার অভিযোগ। ইব্রাহিম কুট্টিকে হত্যার বিষয়ে প্রসিকিউশন ও তার স্ত্রীর দায়ের করা মামলায় সময় ও স্থানের ভিন্নতা রয়েছে।
সিনিয়র এ আইনজীবী বলেন,ইব্রাহিম কুট্টিকে হত্যার ঘটনাটি সত্য হতে পারে। কিন্তু তাকে হত্যা করেছে দেলওয়ার শিকদার। দেলওয়ার শিকদার এবং দেলাওয়ার হোসাইন সাঈদী এক ব্যাক্তি নয়।
তিনি বলেন,আমরা আবেদন করেছিলাম ইব্রাহিম কুট্টিকে হত্যার বিষয়ে তার স্ত্রীর দায়ের করা মামলার মূল নথিপত্র বিচারিক আদালত থেকে তলব করা হোক। কিন্তু আদালত সে আবেদন খারিজ করে দিয়েছে।
খন্দকার মাহবুব হোসেন বলেন,বিশাবালীর ভাই সুখরঞ্জন বালীকে প্রসিকিউশনের সাক্ষী করা হয়েছিল। কিন্তু তিনি মিথ্যা সাক্ষ্য দিবেন না বলে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে এসেছিলেন। অথচ তাকে ট্রাইব্যুনালের গেট থেকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা। এরপর তাকে ভারতে পাঠিয়ে দেয়া হয়।
‘সাক্ষী সুখরঞ্জন বালী টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন,তাকে সাইদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হয়েছে। কিন্তু তিনি মিথ্যা কথা বলতে রাজি নয়। তাই প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য দিতে যাননি। তাছাড়া তার ভাইকে হত্যার ঘটনায় সাঈদী জড়িত নয় বলেও জানিয়েছিলেন সুখরঞ্জন বালী’ বলেন এ আইনজীবী।
[b]ঢাকা, কেএ, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]