হাইকোর্টের সাবেক অতিরিক্ত বিচারপতি এবিএম আলতাফ হোসেনেকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে বিব্রতবোধ করেছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের অবকাশকালীন বেঞ্চের একজন বিচারপতি বিব্রতবোধ করেন।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাহ উদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
মুরাদ রেজা সাংবাদিকদের জানান, একজন বিচারপতি বিব্রতবোধ করায় রিট আবেদনটি ফেরত দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ। এটি এখন প্রধান বিচারপতির কাছে যাবে।
২০১২ সালের ১৪ জুন এবিএম আলতাফ হোসেনসহ মোট ছয় জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু অতিরিক্ত বিচারপতি হিসাবে দুই বছর মেয়াদ শেষ হওয়ার পর আলতাফকে বাদ দিয়ে অন্য পাঁচজনকে গত ৯ জুন স্থায়ী করা হয়।
এরপর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেতে হাইকোর্টের নির্দেশনা চেয়ে গত ১২ আগস্ট রিট আবেদন করেন এবিএম আলতাফ হোসেন। রিটে আইন সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়।
ঢাকা, কেএ, ১৪ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





