ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সোমবার দুপুরে সমিতি তাদের এই আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে।
নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহের কথা জানাতে আজ বেলা ১টার দিকে ইসিতে যায় সমিতির একটি প্রতিনিধি দল। সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।
কমিশন থেকে বেরিয়ে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন পর্যবেক্ষণ করতে চায়। সমিতির সদস্যদের নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার আবেদন নিয়ে তারা এসেছেন।
এ নিয়ে কমিশনের সচিব মো. সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কমিশনে ১০১ জনের নামের একটি তালিকা দেওয়া হয়েছে। আজ বিকেল পাঁচটার মধ্যে কমিশন সিদ্ধান্ত জানাবে।
নির্বাচন পর্যবেক্ষণ করতে চাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সমিতির সম্পাদক বলেন, এই নির্বাচন নিয়ে জনমনে অস্বস্তি আছে। নিরপেক্ষ নির্বাচন হবে কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে।
মাহবুব উদ্দিন খোকনের ভাষ্য, 'আমরা নির্বাচন পর্যবেক্ষণের মাধ্যমে কমিশনকে সহায়তা করতে চাই।'
ইআর





