দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১২ কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ যাচাই করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে দ্বিতীয় বার নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুদক।

বুধবার দুদক কার্যালয় থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানের বরাবর ওই চিঠি পাঠানো হয়েছে।

দুদক উপপরিচালক জুলফিকার আলী স্বাক্ষরিত ওই চিঠিতে আগামী ৩ মার্চের মধ্যে প্রয়োজনীয় তথ্যাবলী সরবরাহ করতে বলা হয়েছে।

এর আগে ২২ ফেব্রুয়ারির মধ্যে একই বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে দুদক চিঠি দিলেও কোনো তথ্য সরবারহ করা হয়নি।তাই আবারো তথ্য চেয়ে জরুরি ভিত্তিতে কাগজপত্র পাঠানোর জন্য চিঠি দিয়েছে দুদক।

১২ দুদক কর্মকর্তা হলেন- দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মো. ফারুক আহমেদ, মো. আতিকুল আলম, মো. মাহফুজ ইকবাল, মো. জুয়েল আহমেদ, মো. মইনুল হাসান রওশনী, মো. নেয়ামুল আহসান গাজী, মো. সাইদুজ্জামান, মো. এহসানুল কামরান তানভীর, মো. আতিকুর রহমান, মো. শাওন মিয়া ও মো. নাজমুল হাসান

এ ছাড়াও একই অভিযোগে কমিশনের অনুসন্ধান টিম দুদকের মহাপরিচালকসহ ৯ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করা হচ্ছে। এদের মধ্যে দুদকের আইন বিভাগের মহাপরিচালক (ডিজি) কামরুল হোসেন মোল্লাকে ইতোমধ্যে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে একটি টিম ওই অনুসন্ধান কাজ পরিচালনা করছেন। টিমের অপর সদস্য হলেন সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম।

ইআর