রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে সরকারি ওষুধসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৫ রাজশাহীর সদস্যরা।

শুক্রবার ভোরে উপজেলার বিদিরপুর মাদ্রাসা মোড় এলাকা থেকে ওষুধসহ রাশিকুল ইসলামকে (২২) আটক করা হয়। রাশিকুল পার্শ্ববর্তী পিরিজপুর গ্রামের বাগানপাড়া এলাকার সাকিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পের স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালানো হয়। এসময় রাশিকুলকে এমোক্সিসিলিন সিরাপ (AMOXICILLIN MOXILIN 125 MG/5 ML Powder For Suspension)-১০৭ বোতল এবং প্রায়োসিন (PRIOCIN) সিরাপ (ERYTHROMYCIN 100 ML Powder For Suspension)-২০ বোতলসহ আটক করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন থেকে সরকারি ওষুধ চুরির বিষয়টি স্বীকার করেছে। এরপর সেগুলো বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করা হয়। স্থানীয় বাজারে বিক্রির জন্য ওষুধের বোতলের লেভেলে ‘বিক্রয় দ-নীয় অপরাধ’ লেখাটি ঘষে উঠিয়ে ফেলে হয়েছে।

অপরদিকে বড় ধরনের ওষুধ চালান তারা ফেনসিডিল বা অন্যান্য মাদকদ্রব্যের চালানের বিপরীতে সীমান্তের ওপারে পাচার করে থাকে বলে তথ্য প্রদান করেছেন।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, আসামিকে সংশ্লিষ্ট গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমই