ঋণখেলাপির মামলায় তারেক রহমান ও আরাফাত রহমান কোকো ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে দায়ের করা মামলার ইস্যু (বিচার্য বিষয়) গঠনবিষয়ক আদেশ ১৬ জুলাই দেয়া হবে।
বুধবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক রবিউজ্জামান এ দিন ধার্য করেন।
মামলাটির ইস্যু (বিচার্য বিষয়) গঠনবিষয়ক আদেশের জন্য আজ (বুধবার) দিন ধার্য ছিল। তবে বিবাদী পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন।
গত বছরের ৩ অক্টোবর মামলাটি মধ্যস্থতা করার জন্য আবদুস সালাম নামে একজন আইনজীবীকে মধ্যস্থতাকারী নিয়োগ করেন বিচারক। দীর্ঘদিনেও মধ্যস্থতা না হওয়ায় বিচারক মামলাটিতে ইস্যু গঠনের জন্য দিন ধার্য করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাদীরা ড্যান্ডি ডাইংয়ের পক্ষে সোনালি ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। ওই বছরের ৯ মে সোনালী ব্যাংক ঋণ মঞ্জুর করে। ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য বিবাদীদের চূড়ান্ত নোটিশ দেয়া হয়। কিন্তু বিবাদীরা কোনো ঋণ পরিশোধ করেননি। পরে ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপির অভিযোগে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে সোনালি ব্যাংক এই মামলা করে।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





