রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে মাজেদুর রশিদ নামে এক ব্যবসায়ী অপহৃত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মাজেদুর ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের আত্মীয় বলে জানা গেছে।
পরিবারের অভিযোগ, ফকিরাপুলের ১৭৮ নম্বর বাসা থেকে বুধবার দুপুরে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ব্যবসায়ী অপহরণের শিকার হয়েছেন দাবি করে পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মাজেদুরের স্ত্রী আম্বিয়া খাতুন বিথী।
আম্বিয়া খাতুন জানান, মাজেদুর ডিইপিজেড এলাকায় এক্সপোর্টের ব্যবসা করেন। তার কুরিয়ার সার্ভিসের ব্যবসাও রয়েছে। স্ত্রীর দাবি, মাজেদুর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।
আম্বিয়া খাতুন বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন মল্লিকের সঙ্গে তার বিরোধ রয়েছে। তারা মাজেদুরের বিরুদ্ধে একটি মামলাও করেছে। তারাই তাকে অপহরণ করিয়েছে।’
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, ‘এমন কোনো অভিযোগ থানায় আসেনি।’
মাজেদুর রশীদ নামে কোনো ব্যক্তিকে আটক করা হয়নি বলেও মোর্শেদ আলম জানান।
তবে মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী বলেন, ‘ঘটনাটি পল্টন মডেল থানা এলাকার। ওই থানায় রাতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’
এএইচ





