জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মঈনুল ইসলাম সিফাতের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে বুধবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
এর আগে দুপুরে সিফাতকে আদালতে হাজির করে দীপনকে হত্যার মূল রহস্য উদঘাটন এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান।
মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গী থেকে দীপন হত্যাকাণ্ডে পুরস্কার ঘোষিত আসামি সিফাতকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সিফাত, সামির, ইমরান নামে পরিচিত।
পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, দীপন হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিফাত।
তিনি হত্যার আগে ঘটনাস্থলে গিয়ে রেকি করেছেন। হত্যার সময় ঘটনাস্থলে আরো পাঁচজন ছিলেন। এক মাস আগে থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিফাত মেজর জিয়াকে ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেছেন।
প্রশঙ্গত, গত ৩১ নভেম্বর রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এসএম





