বাংলা বর্ষবরণ পহেলা বৈশাখে টিএসসিতে নারীকে বিবস্ত্র করে যৌন হয়রানিকারীদের শনাক্ত করার জন্য দুইটি কমিটি গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
শনিবার দুপুর সোয়া ১ টায় ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।
তিনি জানান, ঘটনা তদন্তে মূল ও সহযোগী দুই কমিটিতে রয়েছেন ৫ জন সদস্য। মূল কমিটিতে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিশনাল কমিশনার ইব্রাহীম ফাতেমী (ক্রাইম এন্ড অপস্), যুগ্ম কমিশনার (লজিস্টিক) এবং পূর্ব বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ডিবি। তাদের তদন্তের কাজে সহায়তা করবেন রমনা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান (রমনা জোন)।
এ ঘটনায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। শনাক্ত হওয়া মাত্রই তাদের গ্রেফতার করা হবে।
মনিরুল জানান, এ নিন্দনীয় ঘটনায় ইতোমধ্যেই পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। তবে এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। এছাড়াও ঘটনার সময় ওই এলাকায় দায়িত্বরত পুলিশের কোনো গাফিলতি ছিলো কি-না সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এসএইচ





