হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজে থাকা একটি ছোট ওয়াটার পাম্প থেকে ৩৬ টি সোনার বার উদ্ধার করা হয়েছে।একই সঙ্গে খোরশেদ আলম নামে ওই যাত্রীকেও আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৪ দশমিক ২ কেজি ওজনের ৩৬ টি সোনার বার উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা খোরশেদ আলম ২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে দুবাই থেকে এফজেড ৯০৫ একটি ফ্লাইটে দেশে ফেরেন।
বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ তল্লাশি করেন। এসময় লাগেজে থাকা একটি ছোট ওয়াটার পাম্প থেকে ৩৬ টি সোনার বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় যাত্রী খোরশেদ আলমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ, এসআর





