সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে বিচার শুরু করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে অভিযোগ গঠনের পর মামলাটি বিচারের জন্য ঢাকার চার নম্বর অতিরিক্ত দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে।

এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

একই মামলায় গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য জুন্নুন শিকদার, কাজী রেজোয়ান, নাইমুল হাসান ও জাহিদুর রহমান জামিনে মুক্ত হয়ে এখন পলাতক রয়েছেন।

২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে আটক হন জসিম উদ্দিন রাহমানী। সেই থেকে তিনি কারাগারে। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় ইতিমধ্যে জসিমকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এমবি