স্ত্রী হত্যার দায়ে পাষন্ড স্বামী ও দেবরের ফাঁসির আদেশ দিয়েছে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহেনুর রহমান।
রোববার দুপুরে জনাকীর্ন আদালতে ওই ফাঁসির রায় দেয়া হয়। মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মামলার বিবরনে ও বাদি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের ইনসার আলী গাজীর ছেলে নিহতের ভাই নাজিম উদ্দিন জানান, ৭ বছর আগে হাড়দ্দহ গ্রামের মানিক সরদারের কন্যা আফরোজা খাতুনের সাথে সোহরাব হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক দাবি করে আসছিল তার স্বামী। সে সময় বাপের বাড়ি থেকে ৩০ হাজার টাকা যৌতুকও এনে দেয় আফরোজা। বাকী ২০ হাজার টাকা দিতে না পারায় ২০০৫ সালের ৩১ জানুয়ারী রাতে আফরোজাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পাষন্ড স্বামী ও তার পরিবারের সদস্যরা।
এ ঘটনায় নিহতের ভাই নাজিম উদ্দিন বাদি হয়ে ৫ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার আসামিরা হলো- সোহরাব হোসেন, তার মা রোকেয়া খাতুন, পিতা মাওলাবক্স সরদার, ভাই সাহেব আলী ও আলাউদ্দিন সরদার।
সাতক্ষীরা সদর থানা পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  
রোববার এই মামলার রায়ের ধার্যদিনে আদালত দীর্ঘ যুক্তিতর্ক শেষে নিহতের স্বামী সোহরাব হোসেন ও দেবর সাহেব আলীকে ফাঁসি ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। বাকী আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে ।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের মাওলাবক্স সরদারের ছেলে সোহরাব হোসেন ও তার ভাই সাহেব আলী।
[b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]