জয়পুরহাটে সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনের ফাঁসি ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (৫ মে) সকাল ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ৩০ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে তেঘর বিশা গ্রামের মজিবর রহমানের ছেলে ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম তেঘর বিশা ৪ মাথায় অবস্থিত চায়ের দোকানের ক্যাশে বসেছিলেন।
এ সময় এলাকার শীর্ষ স্থানীয় ১৩ সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা গ্রামের মজির উদ্দীনের ছেলে তসলিম উদ্দীন ওরফে টিপলু (৩০), ফরহাদ হোসেন (২৮), আলা উদ্দীনের ছেলে হায়দার আলী (৩০) ও পৌর শহরের দেওয়ানপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে শাফিন (২৩)।
সাজাপ্রাপ্তদের মধ্যে শাফিন ও ফরহাদ হোসেন পলাতক রয়েছেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়। এরা হলেন- জাহাঙ্গীর হোসেন বাবু, মো. আরমান হোসেন, রেজাউল করিম, জহুরুল ইসলাম ও শাহিনুর ইসলাম।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঘটনার পরের দিন ১ ডিসেম্বর ২০০৫ সালে জয়পুরহাট সদর থানায় ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
জয়পুরহাট থানায় মামলা নম্বর ২৪। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খোকন আলী আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
এমকে





