চট্টগ্রামে দুই ভাইকে খুনের দায়ে বড় ভাই আবুল কালাম আজাদকে (৪০)মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.রবিউজ্জামান এ রায় দেন।
একই রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। ঘাতক আবুল কালাম বর্তমানে হাজতে আছেন।
আদালত সূত্র জানান, ২০১৩ সালের ২২ জুলাই রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের দিদার মঞ্জিল এলাকার কাজী বাড়িতে আবুল কালাম আজাদ তার দুই ছোট ভাই আবু সুফিয়ান ও আবু মোরশেদ আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পারিবারিক কবরস্থানের জায়গা নিয়ে বিরোধেরে জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় আবু সুফিয়ানের স্ত্রী বাদি হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আবুল কালামকে গ্রেফতার করলে তিনি আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবনিন্দ দেন।
পুলিশ একই বছরের ৩০ অক্টোবর আদালতের অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার শুরুর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের ১৭ জনের মধ্যে মোট ১৪ জনের সাক্ষ্য নেয়া হয়। আবুল কালাম আজাদের মাও তার বিরুদ্ধে সাক্ষ্য দেন।
অতিরিক্ত জেলা পিপি সমীর দাশগুপ্ত বলেন, আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার আদেশ দিয়েছেন আদালত।
তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী রনাঙ্গ বিকাশ চৌধুরী বলেন, রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমরা উচ্চ আদালতে আপিল করব।
ওএফ





