খিলগাঁওয়ে নারী পুলিশ কনস্টেবল ধর্ষণের ঘটনার মূল অপরাধী খিলগাঁও থানার প্রাক্তন এএসআই কলিমুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে করে পুলিশ।
কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ১৩ জুন রাজধানীর খিলগাঁও এলাকায় ওই নারী পুলিশ কনস্টেবলকে (২৫) গণধর্ষণ করার অভিযোগ ওঠে তার প্রাক্তন স্বামী ওই থানার প্রাক্তন এএসআই কলিমুর রহমানের বিরুদ্ধে।
গত বুধবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। শনিবার দুপুরে ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
মঙ্গলবার ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসের (ওসিসি) সমন্বয়কারী ডা.বিলকিছ বেগম জানান, নারী পুলিশ কনস্টেবলকে ধর্ষণের ঘটনায় একজনের আলামত পাওয়া গেছে। তবে এটি গণধর্ষণ নয়।
ভুক্তভোগী ওই নারীর বরাত দিয়ে তার বোন জানান, প্রায় চার-পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে কলিমুর রহমান ভুক্তভোগী নারীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন।
একপর্যায়ে তিনি স্ত্রীকে পুলিশের চাকরিটাও ছেড়ে দিতে বলেন। এরই মধ্যে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। এ অবস্থায় প্রায় বছর খানেক আগে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়।
তিনি অভিযোগ করে বলেন,গত বছর নভেম্বর মাসের ২৮ তারিখ কলিমুর তার কয়েকজন বন্ধু নিয়ে তাদের গাজীপুরের জয়দেবপুরে চাকুলিয়ার বাড়িতে ভাঙচুর করে মেয়েকে নিয়ে আসে।
তিনি আরো জানান, গত ১০ জুন (বুধবার) তার বোন রাজারবাগ পুলিশ লাইনে এলে মেয়েকে দেখানোর প্রলোভন দিয়ে তাকে খিলগাঁও তিলপা পাড়ার একটি বাসায় যেতে বলেন প্রাক্তন স্বামী কলিমুর।
কাজ শেষে ওই বাসায় যাওয়ার পথে চার বন্ধুকে সঙ্গে নিয়ে এএসআই কলিমুর তাকে একটি মাইক্রোবাসে তুলে তিলপা পাড়ার একটি বাসায় নিয়ে গণধর্ষণ করেন। তবে ওই এএসআই এখন কোথায় কর্মরত, তা বলতে পারেননি তিনি।
এমআর





