টিসিবি’র কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে প্রায় পৌনে ৩ কোটি টাকা আত্মসাতের মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের উপ সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ চার্জশিট দাখিল করেন।
মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন- টিসিবি তেজগাঁও আঞ্চলিক কার্যালয়ের কার্যনির্বাহী (বর্তমানে সাময়িক বরখাস্ত) মো. হুমায়ুন কবির, টিসিবি প্রধান কার্যালয়ের সাবেক সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (বর্তমানে টিসিবি আঞ্চলিক কার্যালয় খুলনার সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর) মোহাম্মদ আলী ও মেসার্স মাইনুল হক ট্রেডার্সের মালিক মাইনুল হক।
জানা যায়,২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল (ডিএমপি) থানায় মামলাটি (মামলা নং-২৯) দায়ের করে।
অভিযোগ রয়েছে, ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত টিসিবির প্রধান কার্যালয়ের নির্দেশ অনুসারে ঢাকা থেকে ২ হাজার ৩৬৪টি ডিও ইস্যু করা হয়। ওই ডিওগুলোর মধ্যে ২ হাজার ২৫৭টি ডিওর বিপরীতে সোনালী ব্যাংকের কাওরান বাজার শাখা, ন্যাশনাল ব্যাংকের কাওরান বাজার শাখা ও পূবালী ব্যাংকের তেজগাঁও শাখায় টাকা জমা হয়েছে। অবশিষ্ট ১০৭টি ডিওর বিপরীতে টিসিবির প্রধান কার্যালয়ের নির্ধারিত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের কাওরান বাজার শাখায় পে-অর্ডার, ডিডি অথবা নগদ টাকা জমা করা হয়নি। অথচ আসামিরা পরস্পর যোগসাজশে জাল ডিডি জমা দেখিয়ে টিসিবির গুদাম থেকে মামলামাল উত্তোলনপূর্বক ২ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ৮৭০ টাকা আত্মসাৎ করে।
ঢাকা,একে, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসআর





