একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের যুক্তিতর্ক শেষ হচ্ছে আজ মঙ্গলবার।

সকাল ৯টা ৫ মিনিটে নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চে এ পাল্টা যুক্তি উপস্থাপন শুরু করেন।

আর আসামিপক্ষের এ পাল্টা যুক্তি উপস্থাপন শেষে আজই রায়ের দিন ধার্য করবেন আদালত।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গতকাল সোমবার আসামিপক্ষের বক্তব্যের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ সময় তাঁরা নিজামীর সর্বোচ্চ শাস্তি বহাল রাখার আবেদন জানান।

আদালতে নিজামীর পক্ষে উপস্থিত আছেন আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান, শিশির মনির, নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন।

গত ২৫ নভেম্বর আদালত ৩০ নভেম্বর, ১ ডিসেম্বর ও ২ ডিসেম্বর- এই তিন দিন নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য দিন ঠিক করেন। ওই তিন দিন নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তার আইনজীবীরা।

এর আগে ২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেন। রায়ে ১৬টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করার অপরাধে নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এআই