জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
স্ত্রী হৃদিতা রেজার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান গতকাল (২৬ সেপ্টেম্বর) শনিবার এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার ওমেদার মোহাম্মদ সরোয়ার এ বিষয়ে জানিয়েছেন, গতকাল (শনিবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা আক্তার তৃণা সংগীত পরিচালক ইমনকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত শুক্রবার রাতে ইস্কাটনের বাসা থেকে শওকত আলী ইমনকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীম বলেন, “গত ২০ সেপ্টেম্বর হৃদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শওকত আলী ইমনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় ইমনের বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ তোলেন হৃদিতা। ওই মামলায় ইমনকে গ্রেফতার করা হয়।”
উল্লেখ্য, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি হৃদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি তাঁর তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ২০১২ সালের ৬ ডিসেম্বর জিনাত কবিরকে বিয়ে করেছিলেন।
এমবি





