রাজধানীর মোহাম্মদপুরে আলম রোডের ১৯/১২ নম্বর বাড়ি থেকে ভুয়া ম্যারেজ মিডিয়ার আট প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ।

মঙ্গলবার রাত ১২.০০ টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা যায়।

গ্রেফতারকৃতরা হলো প্রতারক চক্রের মূলহোতা মোঃ কাওছার আহমেদ ওরফে মিঠু, মোঃ কামাল হোসেন, মোঃ ছাইফুল ইসলাম ওরফে রিপন, মোঃ নুর আলম, মোঃ ওলিয়ার রহমান, মোঃ শাহিন আলম, মোঃ জাকির হোসেন ও মোছাঃ পারুল আক্তার।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘ দিন যাবৎ ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া নেয়। ম্যারেজ মিডিয়ার ভুয়া অফিস সাজিয়ে লোকদের বিবাহের প্রলোভন দেখায়। ভুয়া অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ও আমেরিকা প্রবাসী সুন্দরী মহিলাদের পাত্রী সাজিয়ে সাধারণ মানুষের নিকট হতে টাকা-পয়সা নিয়ে প্রতারণা করে।

গ্রেফতারকৃত মোঃ কাওছার আহমেদ ওরফে মিঠু বলেন, বিগত ৫/৬ বছর যাবৎ কিছু সুন্দরী মহিলাদেরকে অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ও আমেরিকার নাগরিক বলে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় পাত্র চাই মর্মে আকর্ষণীয় বিজ্ঞাপন দেয়।

সূত্রে আরো জানা যায়, ঐ বিজ্ঞাপন দেখে আগ্রহী প্রার্থীরা তাদের সাথে ফোনে যোগাযোগ করে। তারা তাদের চক্রের বিভিন্ন সুন্দরী মহিলাদের ছবি, জাল পাসপোর্ট ও ভিসার ফটোকপি দেখিয়ে রেজিস্ট্রেশন এর নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

কোন রেস্টুরেন্টে আগ্রহী প্রার্থীদের উক্ত মহিলাদের সাথে দেখা করানোর মাধ্যমে বিশ্বাস স্থাপন করে। ভুয়া নিকাহ নামার মাধ্যমে বিবাহ করিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে আত্মগোপন করে এবং পরবর্তী সময়ে অন্যত্র অফিস নিয়ে পুনরায় পূর্বের ব্যবসায় শুরু করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক ব্যক্তির সাথে প্রতারণা করার তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং তাদের অফিস থেকে ইতোমধ্যে প্রতারিতদের নাম-ঠিকানা সম্বলিত নথি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিসি(পশ্চিম) শেখ নাজমুল আলম এর নিদের্শনায়, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার মাহমুদ নাসের জনি’র নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

কেএইচ/এসএইচ