রাজধানীতে পুলিশ পরিচয়ে চীনা এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বারিধারা এলাকায় এ ঘটনা ঘটে। আটক অপহরণকারী মামুন হোসেন এর আগেও শিশু পরাগ অপহরণের অন্যতম হোতা।

অপহরণের ঘটনার শিকার চীনা ব্যবসায়ীর নাম ইয়াং সি। তিনি গার্মেন্টস মেশিনারিজের ব্যবসা করেন।তিনি বারিধারার ডিএইসএস এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মামুনের নেতৃত্বে একদল অপহরণকারী নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ওই চীনা ব্যবসায়ীকে অপহরণ করতে যায়।

এ সময় বাড়ির মালিক তাদেরকে চ্যালেঞ্জ করেন। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অন্যরা পালিয়ে যায়। তবে মামুন হোসেনকে আটক করা সম্ভব হয়।

তিনি জানান, এই মামুন হোসেন শিশু পরাগ অপহরণের অন্যতম হোতা।মামুন ১০ মাস জেল খেটে কিছুদিন আগে বের হয়েছে বলেও জানান তিনি।

এমএ