সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার বিরুদ্ধে প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন বাদী হয়ে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইন ২৬(২) ও ২৭ (১) ধারায় রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-৩৫।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেন। গত ৯ সেপ্টেম্বর কমিশন এ মামলার অনুমোদন দেয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি সৈয়দা হাসিনা সুলতানা দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৯১২ টাকার সম্পদের তথ্য গোপন করেন। একই সঙ্গে তার জ্ঞাত আয় বর্হিভূত ৩ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৬৪০ টাকার সম্পদ অর্জন করেছেন। অর্থ্যাৎ তিনি প্রায় ৫ কোটি ৩২ লাখ ৭ হাজার ৫৫২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

জানা যায়, গত ১৮ মার্চ সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান এবং তার স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করে দুদক। ওই নোটিশের পর তারা সম্পদ বিবরণী কমিশনের সচিবের কাছে দাখিল করেন।

এদিকে দুদক গত ২১ আগস্ট রমনা মডেল থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল মান্নান খানের বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইন ২৬(২) ও ২৭ (১) ধারায় মামলা করে।

আব্দুল মান্নান খানের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়েছে, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪ লাখ ৫৯ হাজার ৫৯৭ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এ ছাড়া তার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৫ লাখ ৪ হাজার ২৬২ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেছেন।

একে/এসএইচ