রাজধানীর টঙ্গী-পূবাইল এলাকায় র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে মামুন নামে টঙ্গীর এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ভর্তি একটি ম্যাগাজিন, তিন রাউন্ড খালি খোসা এবং সন্ত্রাসীদের ফেলে যাওয়া ২ টি রামদা উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর এএসপি মুহিব কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে টাইমনিউজবিডিকে বলেন, সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, টঙ্গী-পূবাইল এলাকায় র‌্যাব-১ এর একটি টহল দল জয়দেবপুরের হায়দারাবাদ এলাকায় পৌঁছলে ২/৩ জন পথচারী টহলে থাকা মাইক্রোবাসটি থামানোর সংকেত দেয়।

এ সময় গাড়ীর গতি কমালে কতিপয় দুষ্কৃতিকারী গাড়ীর চারদিক থেকে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্রশস্ত্রসহ ঘিরে ফেলে। তখন পিছনে থাকা র‌্যাবের আরেকটি টহল গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হলে দুষ্কৃতিকারীরা অবস্থার বেগতিক দেখে টহল গাড়ী লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয় এবং এক পর্যায়ে তারা পালিয়ে যায়।

মুহিব কবির আরো বলেন, পরে ঘটনাস্থল তল্লাসী করে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ব্যক্তিকে জয়দেবপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খোঁজ নিয়ে জানা যায় গুলিবিদ্ধ ব্যক্তিটি টঙ্গী এলাকার শীর্ষ সন্ত্রাসী মামুন।

সে কয়েকটি হত্যা মামলার চার্জসীটভুক্ত আসামী। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্রবাজি, ভাড়াটে খুনি হিসেবে কাজ করার বহু অভিযোগ রয়েছে।

উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় র‌্যাবের দু’জন সদস্য আহত হয় বলেও জানান তিনি।

এমআর/এসএইচ