বরিশাল-ঢাকা নৌ রুটের যাত্রীবাহী এমভি পারাবত-১২ লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পড়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা তিন ছাত্রলীগ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১টার দিকে বরিশালের হিজলা উপজেলার কালিগঞ্জ মাঝেরচর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ হিরন সিকদার (২৮) নগরীর বাজার রোড এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী শাহ আলম সিকদারের ছেলে।

লঞ্চের সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পারাবত-১২'র সুপারভাইজার মোখলেছুর রহমান জানান, বরিশাল উদ্দেশে ঢাকা থেকে লঞ্চের ২০৯ নম্বর কেবিনে উঠেন চার যাত্রী। ঘটনার কিছু সময় আগে হিরনের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে নয়নের ভুল বোঝাবুঝি হয়।

এসময় নয়ন হিরনকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে। কিন্তু হিরন কিছুতেই মেনে না মানায় কেবিনে থাকা বাকি দুজনকে ডেকে আনে নয়ন। হিরন তাদের দেখে দৌড়ে তিন তলায় উঠে বারান্দা থেকে নদীতে ঝাপ দেন।

জিজ্ঞাসাবাদের জন্য আটক সিরাজুল ইসলাম নয়নের দাবি, কোনো একটি বিষয় নিয়ে লঞ্চের এক যাত্রীর সঙ্গে হিরনের কথা কাটাকাটি হয়। এসময় তিনি কেবিনে থাকা সুজন ও রিয়াজুলকে ডাকতে গেলে হিরন লঞ্চ থেকে নদীতে ঝাপ দেয়।

জিজ্ঞাসাবাদের জন্য হিরনের সঙ্গে থাকা ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সিরাজুল ইসলাম নয়ন (২৯), ৬নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শেখ সুজন (২৯) ও ছাত্রলীগ কর্মী রিয়াজুল ইসলাম (২৮)।

বরিশাল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শফিক জানান, হিরনের সঙ্গে থাকা তিনজনই প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে। এখানে নারীঘটিত কোনো বিষয় থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। আটকদের জিজ্ঞাসাবাদের জন্য কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

এসএ/টাইম