ঈদকে সামনে রেখে রাজধানীতে রাতে চেকপোস্টের নামে চলছে পুলিশের বেপরোয়া চাঁদাবাজী ও যাত্রী হয়রানি। আর সিএনজি অটো রিকশার যাত্রী, প্রাইভেট কার আরোহী এবং চালকরদের দেহ তল্লাশীর নামে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিচ্ছে পুলিশ এমন অভিযোগও পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক আবু সালেহ আকন এবং সহ সভাপতি ও অনলাইন দৈনিক ‘ ঢাকা প্রতিদিনের সম্পাদক’ মঞ্জুরুল বারী নয়নসহ বেশ কয়জন পেশাদার সাংবাদিকের দেহ তল্লাশীর নামে পকেটসহ স্পর্শকাতর স্থানে হাত দিয়েছে পুলিশ সদস্যরা।
সম্প্রতি রাজধানীর ধানমন্ডি এলাকায় মোটরসাইকেল আরোহী ক্র্যাব সাধারণ সম্পাদক আবু সালেহ আকনকে তল্লাশির নামে রাস্তায় বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। শুধু তাই নয়, টহল পুলিশ তার মানিব্যাগ হাতিয়ে টাকা-পয়সাও নিয়ে যায়। পওে বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে এক এএসআইসহ ৩ পুলিশকে সাসপেন্ড করা হয়েছে।
গত ৪ জুলাই শুক্রবার রাতে অফিস শেষে মিরপুরে বাসায় ফেরার পথে ক্র্যাব সহসভাপতি মঞ্জুরুল বারী নয়নের ২ দফা দেহ তল্লাশিসহ হয়রানি করে পুলিশ। তিনি রাত ১২টা ২০ মিনিটে কারওয়ান বাজার অফিস থেকে একটি সিএনজি অটোরিকশা যোগে ( ঢাকা- দ-১১-৯৭৫) কাওরান বাজার থেকে মিরপুর ৬ নম্বর সেকশনের বাসায় ফিরছিলেন। তার অটোরিকশাটি বঙ্গবন্ধু নভো থিয়েটারের সামনে এলে তেজগাঁও থানার এক এএসআইয়ের নেতৃত্বে একটি টহল পুলিশ দল তার অটোর গতিরোধ করে। পরে তল্লাশির নামে ওই এএসআই তার মানিব্যাগ, ল্যাপটপ, হটপট এমনকি শরীরের স্পর্শকাতর স্থানেও হাত দেয়। একপর্যায়ে সুবিধা করতে না পেরে সিএনজি চালকের কাছে ২০০ টাকা দাবি করে। অটোচালক টাকা না দিলে তার কাগজপত্র রেখে প্রায় ২০ মিনিট পর তাকে ছেড়ে দেয়া হয়। বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার ( মিডিয়া ) মাসুদুর রহমানকে অবহিত করা হলে তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন।
আরো অভিযোগ পাওয়া যাচ্ছে, নগরীতে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী অস্ত্রধারী সন্ত্রাসীসহ অপরাধীদের ধরার জন্য বসানো পুলিশ চেকপোস্টে গণহারে সিএনজি অটো রিকশার যাত্রী ,প্রাইভেট কার, মোটরসাইকেল কার আরোহী এবং চালকরদের দেহ তল্লাশী করতে গিয়ে তাদের পকেটসহ শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিচ্ছে পুলিশ। শুধু তাই নয় অনেকের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিচ্ছে। টাকা না দিলে রাতে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে রাখার ভয়ভীতি দেখানো হয়।
দীর্ঘদিন ধরেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও অপরাধীদের ধরতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। রাজধানীর মিরপুর রোডে বিজয়সরণি থেকে কাজীপাড়া পর্যন্ত দুটি চেকপোস্ট থাকে প্রতি রাতেই। এর একটি বঙ্গবন্ধু নভো থিয়েটার ও অন্যটি আগারগাঁও মোড়ে। এর একটি পরিচালনার দায়িত্বে তেজগাঁও থানা এবং অন্যটি শেরেবাংলা নগর থানা। এ দুটি চেকপোস্টে প্রতিদিনই মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা এবং প্রাইভেটকার চালকদের হয়রানির অনেক অভিযোগ পাওয়া গেছে। প্রতটি চেকপোস্টই তল্লাশির নামে যাত্রীদের টাকা-পয়সা, মূল্যবান জিনিসপত্র এবং সিএনজি অটো চালকদের কাছ থেকে উৎকোচ পর্যন্ত আদায় করা হয়।
এছাড়া নগরীর অন্য স্থানেও পুলিশি তল্লাশির নামে যাত্রী ও সিএনজি অটো চালকদের হয়রানি এমনকি ছিনতাইয়ের ঘটনা পর্যন্ত ঘটছে। পুলিশের তল্লাশি থেকে বাদ পড়ছে না যাত্রীদের মানিব্যাগ, হটপট ও টিফিন ক্যারিয়ার।
ঢাকা, একে, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





