৫৩ কোটি টাকার চেক প্রতারণা মামলায় এসকে স্টিল নামে একটি শিপইয়ার্ডের অংশীদার তিন ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. মশিউর রহমান চৌধুরী এ পরোয়ানা জারি করেন।
অভিযুক্তরা হলেন- সিতাকুন্ডের মধ্য সোনাইছড়ির বার আউলিয়া শিপইয়ার্ডের অংশীদার মো. নাজিম উদ্দিন চৌধুরী (৪৮), এএইচএম কামাল হোসেন চৌধুরী (৫০) ও মো. শিহাব উদ্দিন চৌধুরী (৪১)।
সিএমএম আদালতের বেঞ্চ সহকারী নূর-ই-খোদা বলেন, শাহজালাল ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধের অংশ হিসেবে ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি এসকে স্টিলের পক্ষ থেকে তিন অংশীদার ৫৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ৩২ টাকা ৫১ পয়সার একটি চেক প্রদান করেন।
কিন্তু ১০ মার্চ চেকটি ব্যাংকে জমা করার পর অপর্যাপ্ত তহবিলের জন্য সেটি প্রত্যাখাত হয়।১৩ মার্চ আসামিদের আইনি নোটিশ দেওয়া হয়।২৩ মার্চ আইনি নোটিশ গ্রহণ করলেও টাকা পরিশোধের কোনো পদক্ষেপ নেননি তারা।
এতে ২০১৪ সালের ৬ মে শাহজালাল ব্যাংকের জুবিলি রোড শাখার জুনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এআরএম মো. আব্দুল কাদের আদালতে একটি মামলা দায়ের করেন।ওই মামলায় আদালত বুধবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
জেএ





