ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজেস্ট্রেট আদালত।
রোববার বিকালে মেজিস্ট্রেট মাহাবুবুর রহমান এই অভিযোগপত্র গ্রহণ করেন।
এ বছরের ৮ ডিসেম্বর পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) তোফায়েল আহমেদ সংশ্লিষ্ট জিআর শাখায় অভিযোগপত্র জমা দেন।
জানা যায়, ২০১৩ সালের ১৪ অক্টোবর সাদেক হোসেন খোকা পল্টন এলাকার মাওলানা ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্যে দা, কুড়াল, খন্তে, কাস্তে, বল্লমসহ যার যা আছে তা নিয়ে আসার জন্য আহ্বান জানান।
সেই সভায় খোকা বলেছিলেন, ‘২৫ অক্টোবর ২০১৩ সালের পর আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ প্রয়োজনে যে কোনো প্রকারে সরকারকে মোকাবিলা করার জন্য তিনি উপস্থিত নেতাকর্মীদের নির্দেশ দেন।
ওই ঘটনায় পল্টন থানায় একটি সাধারণ ডায়রি করে পল্টন থানা পুলিশ।
২০১৩ সালের ২১ অক্টোবর রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার জন্য বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণায়ের সিনিয়র সচিব বরাবর আবেদন পাঠান পল্টন থানার ওসি। ওই বছরের ৫ ডিসেম্বর বাংলাদেশ সচিবালয়ের উপ-সচিব খায়রুল আলম শেখ রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি দেন।
ও্ই বছর ৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ইআর





