ঢাকায় ইতালীয় নাগরিক চেজার তাভেলা হত্যায় জড়িত সন্দেহে বিএনপি নেতা কাউন্সিলর এম এ কাইযুমের ছোট ভাই এমএ মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলের বড় আচড়া সীমান্ত থেকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, গতরাত সাড়ে দশ টার দিকে মতিন বড় আচড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে।
তবে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, তাভেলা হত্যায় গ্রেপ্তার মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেলের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর কূটনীতিক পাড়া গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালীয় ত্রাণকর্মী চেজারে তাভেলা। প্রায় এক মাস পর গত ২৬ অক্টোবর এ হত্যাকান্ডে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তারের কথা জানায় গোয়েন্দা পুলিশ।
ভাগ্নে রাসেল ছাড়া অন্য তিনজন হলেন- রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল, শ্যুটার রুবেল এবং শাখাওয়াত হোসেন ওরফে শরীফ।গ্রেপ্তারদের মধ্যে চাকতি রাসেল ছাড়া বাকি তিনজন এরইমধ্যে হত্যাকান্ডে ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানায়।
এআই





