নাঈমা চৌধুরী কায়েস পরিচালিত 'এইজিং ওয়েল ইউকে লিমিটেড' এ পর্যন্ত কত টাকার তহবিল সংগ্রহ করেছে এবং কত টাকা কীভাবে ব্যয় করেছে তা স্পষ্ট নয়।
গত মাসে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরের আগে-পরে একটি লম্বা সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা নিয়ে সমালোচনার মধ্যেই মিজারুল কায়েসকে লন্ডন থেকে সরিয়ে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ব্রাজিল মিশনে পাঠানো হয়।
লন্ডনের একাধিক ব্যবসায়ী বলেছেন, হাই কমিশনারের অনুরোধে তারা এইজিং ওয়েলে অনুদান দিয়েছেন।
এইজিং ওয়েলের ওয়েবসাইটে হাই কমিশনারের স্ত্রী ‘ম্যাডাম’ নাঈমা চৌধুরী কায়েসকে প্রথমে উল্লেখ করা হয়েছে ‘ফার্স্ট লেডি অব বাংলাদেশ হাই কমিশন, ইউকে’ হিসাবে। এরপর বলা হয়েছে, তিনি এইজিং ওয়েল ইউকের চেয়ারপার্সন এবং এইজ ওয়েল বাংলাদেশের প্রেসিডেন্ট।
লিমিটেড কোম্পানি এইজিং ওয়েলের পাঁচ পরিচালকের মধ্যে নাঈমাও একজন। এইজিং ওয়েলের সঙ্গে ডাক যোগাযোগের জন্য ওয়েবসাইটে ঠিকানা দেয়া হয়েছে ৭ স্প্যানিয়ার্ডস ক্লোস, লন্ডন এনডব্লিউ১১৬টিএইচ। স্প্যানিয়ার্ডস ক্লোসের ওই বাড়িই বাংলাদেশের হাই কমিশনারের সরকারি বাসভবন।
স্প্যানিয়ার্ডস ক্লোস নামের ওই সড়কে মোট ১২টি বাড়ি আছে, যেগুলোর বর্তমান দাম গড়ে ৮৬ লাখ ১৪৫ পাউন্ড।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





