ডিবি পুলিশের হাতে গ্রেফতার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৭ সদস্যের বিরুদ্ধে আলাদা দুই মামলায় দু’দিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা দু’টিতে ঢাকার সিএম‌এম আদালতে এ রিমান্ড মঞ্জুর হয়।

এর আগে ডিবি পুলিশের পরিদর্শক মোজম্মেল হক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার দুই মামলায় দু’দিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর তুরাগ এলাকা থেকে জেএমবির একাংশের প্রধান তাসনিমসহ ৭ জনকে আটক করা হয়। পরে শুক্রবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে মহানগর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের জানান, ভিভিআইপি ও ভিআইপিদের গাড়ি বহরে হামলা করে বিশ্ব মিডিয়ায় আলোচনায় আসতে চেয়েছিল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, আটক জঙ্গিদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

মহানগর গোয়েন্দা পুলিশ তুরাগ থানাধীন আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পার্ক হতে জেএমবির ভারপ্রাপ্ত আমির তাসনিমসহ ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতার অন্যরা হলো নাঈম আলী (২৮), সিকান্দার আলী ওরফে নকি (২৫), মাহমুদ ইবনে বাশার (২৩), মাসুম বিল্লাহ (২৬), ফুয়াদ হাসান (১৮) এবং আলী আহম্মেদ (২৪)।

তাসনিমের আপন বড় ভাই আব্দুল্লাহ আল সোহাইল গাজীপুরে আদালতে বোমা হামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ