এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় বনানী থানার মামলায় ৩ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন।

গ্রেফতারকৃত ৩ আসামি হলেন, সিটি ব্যাংকের কর্মকর্তা রেজাউল করিম (৪৯), রেফাজ আহমেদ (৩২) ও মকসেদ আলম (৩৬)। এ মামলায় মোট ছয় আসামি গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক সোহরাব মিয়া রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেন। প্রতিবেদনে আসামিদের কাছ থেকে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এ মামলার অন্যতম আসামি জার্মান নাগরিক পিওতর সিজোফেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ করার আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, গত ৭ ফেব্রুয়ারি এটিএম বুথের নিরাপত্তা প্রহরীকে মিথ্যা পরিচয় দিয়ে পিওতর বুথে ঢোকেন। যান্ত্রিক ত্রুটি রয়েছে এমন কথা বলে তিনি বিভিন্ন সময়ে ওই এটিএম বুথে ঢুকে স্কিমিং মেশিন বসিয়ে গ্রাহকের তথ্য চুরি করেন।

এরপর গত ১১ ফেব্রুয়ারি টাকা উত্তোলন করেন। আর ৬ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর ইস্টার্ন, সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চার বুথে ‘স্কিমিং ডিভাইস’বসিয়ে কার্ডের তথ্য চুরি ও পরবর্তী সময়ে কার্ড ক্লোন করে গ্রাহকদের অজান্তে টাকা তুলে নেওয়া হয়। ১২ ফেব্রুয়ারি  ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় ইউসিবি বনানী থানায় ও সিটি ব্যাংক পল্লবী থানায় আলাদা দুটি মামলা করা হয়।

এআইজে