বেনাপোল হাইওয়ের আমড়াখালি চেকপোস্টে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ওই চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, চাঁদপুর জেলার মতলেব উওর থানার কালিপুর বাজার এলাকার বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২) ও কুমিল্লার দাউদকান্দি এলাকার মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭)।

লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন,গতকাল বুধবার (১৬ নভেম্বর) রাতে ওই চেকপোস্টে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানের গতিরোধ করা হয়। এ সময় পিকআপভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ কোটি ৬৫ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পার্শ্ববর্তী দেশ ভারতে স্বর্ণের চাহিদা বেশি থাকায় সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা চালায় তারা।

এবিএস